শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে দিনাজপুরের পার্বতীপুরে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় ১৫০টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
শুক্রবার বিকেলে পার্বতীপুর মডেল থানা প্রাঙ্গণে থানা পুলিশের উদ্যোগে আয়োজিত আইন-শৃঙ্খলাবিষয়ক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়। সভায় পূজার আগে, চলাকালে, প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী সময়ে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের সুরক্ষা নিয়ে আলোচনা হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ সভায় সভাপতিত্ব করেন। এতে পূজা উদ্যাপন কমিটির নেতারা, পার্বতীপুর প্রেস ক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ১৫০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওসি আ. ওয়াদুদ বলেন, সভায় পূজা উদ্যাপন কমিটির নেতারা নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে মতামত ও পরামর্শ দিয়েছেন। পূজা উদ্যাপন কমিটির সভাপতি কৈলাশ প্রসাদ সোনার জানান, পূজামণ্ডপের নিরাপত্তায় উপজেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য বাহিনী কাজ করবে।
থানার উপপরিদর্শক পিন্টু চন্দ্র দাস বলেন, মণ্ডপে দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পার্বতীপুর-ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস জানান, পূজা ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক দীপেশ চন্দ্র সিংহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।




