কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ায় দুই পুলিশ সদস্যকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর আগে ভারতীয় নাগরিকেরা তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন। তাদের দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও পুলিশ প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। আটক দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পুলিশের একটি টহল দল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে দায়িত্ব পালন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে দলটি আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায়। এ সময় এক সন্দেহভাজন মাদক কারবারি পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত দেওয়ান তাকে ধাওয়া করেন। ধাওয়ার একপর্যায়ে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতের অংশে চলে যান। সেখানে থাকা ভারতীয় নাগরিকেরা তাকে আটক করেন।
সহকর্মীকে ছাড়াতে গিয়ে এএসআই ইমরান হোসেনও ভারতীয় নাগরিকদের হাতে আটক হন। পরে দুজনকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করে দুই পুলিশ সদস্য ভারতের অংশে চলে গিয়েছিলেন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকসহ প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।