মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে বিশেষ অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। এ সময় এক লাখ পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৯টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জালগুলো উদ্ধার করা হয়। পরদিন শনিবার জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধ করা এবং ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিষিদ্ধ জালের ব্যবহার মাছের স্বাভাবিক বংশবিস্তার ও মৎস্যসম্পদ সংরক্ষণের জন্য হুমকি হওয়ায় এসব জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
মৎস্য বিভাগ জানিয়েছে, ইলিশ সংরক্ষণে চলমান অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। অভিযানে বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায় এবং সিরাজগঞ্জ সদর উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।




