কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় নারী নেতাকর্মীরা। নারীদের নিয়ে তাঁর বিভিন্ন বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ কর্মসূচি পালন করেন তাঁরা।
সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন। এ সময় তাঁরা ‘নারী লিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী ও লম্পটের বিচার চাই’ এবং ‘আমির হামজার দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে নারীদের প্রতি সম্মানজনক ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। কিন্তু বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলসহ নানা অনুষ্ঠানে নারীদের নিয়ে মুফতি আমির হামজার বক্তব্য ও মন্তব্য তাঁদের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরও বলেন, নারীরা সমাজের অর্ধেক জনগোষ্ঠী। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষার দায়িত্ব সবার। একজন সংসদ সদস্যের বক্তব্যে শালীনতা ও দায়িত্বশীলতার প্রতিফলন থাকা জরুরি। এ কারণে তার বক্তব্যের যথাযথ তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তারা।
সমাবেশ থেকে মুফতি আমির হামজার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। দাবি আদায় না হলে নারীদের নিয়ে অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন বক্তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
কর্মসূচিতে কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্য সচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা ও মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।