চাঁদপুরের ইলিশের পরিচিতি কাজে লাগিয়ে অনলাইনে ভুয়া পেজের মাধ্যমে প্রতারণা ঠেকাতে নতুন ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে অনলাইনে ইলিশ বিক্রি করতে আগ্রহী ব্যবসায়ীদের নির্ধারিত প্রক্রিয়ায় লাইসেন্স নিতে হবে।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, লাইসেন্স পেতে আগ্রহীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্রসহ ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে লাইসেন্স সংগ্রহ করতে হবে। গত বুধবার জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চাঁদপুরের ইলিশের সুখ্যাতি দেশজুড়ে থাকায় কিছু অসাধু ব্যক্তি এ পরিচিতিকে পুঁজি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক পেজ খুলে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে। এসব কর্মকাণ্ড বন্ধ করার পাশাপাশি মাছের গুণগত মান বজায় রাখা এবং ন্যায্য দাম নিশ্চিত করতেই লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগ্রহী ব্যবসায়ীদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। আবেদনের সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা প্রয়োজনীয় কাগজপত্রও দাখিল করতে হবে।
লাইসেন্সের যোগ্যতা, আবেদনপদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা যাবে।