গোপালগঞ্জের কোটালীপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিফাত মিয়া নামে দেড় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চলন্ত ভ্যানের চাকায় মায়ের বোরকা পেঁচিয়ে মা ও শিশু সড়কে ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার দুপুরে উপজেলার কুরপালা সড়কে এ ঘটনা ঘটে। নিহত রিফাত বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৈলা গ্রামের মুস্তাফিজুর রহমান ও রিয়া বেগম দম্পতির একমাত্র সন্তান।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, অসুস্থ শিশুকে চিকিৎসা করাতে তার মা ঘাঘর বাজারে গিয়েছিলেন। চিকিৎসা শেষে ভ্যানে করে তারা নানা বাড়িতে ফিরছিলেন।
পথে চলন্ত ভ্যানের চাকায় রিয়া বেগমের বোরকা জড়িয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে শিশুসহ তিনি সড়কে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু রিফাতকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।