খুলনার বটিয়াঘাটায় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোর সাড়ে ৬টার দিকে তিনটি মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জন যুবক সেখানে আসে। পরে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত চলে যায় তারা। ঘটনাস্থলে পেট্রোলের বোতল ও এর গন্ধ পাওয়া গেছে বলে জানান স্থানীয়রা।
বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ফারুক তালুকদার এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করেছেন। তার অভিযোগ, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগও করেন তিনি।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজে তিনটি মোটরসাইকেলে পাঁচ যুবককে এসে কার্যালয়ের ব্যানারে পেট্রোল ঢেলে আগুন দিতে দেখা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা শহর থেকে এসে এ ঘটনা ঘটিয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান ওসি।