চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালানো হয়। বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে মাদকসংক্রান্ত মামলায় ১৩ জন এবং বিভিন্ন মামলায় আরও ২১ জন রয়েছেন। কিশোর গ্যাংয়ের ৩৭ সদস্যের মধ্যে ৩৫ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর জানান, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।