মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার চোখতোলা এলাকায় আলগামন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ আটজন আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ইজিবাইকের যাত্রীরা মেহেরপুরের একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে কুষ্টিয়ায় নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। পথে চোখতোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির সবজিবোঝাই একটি আলগামন ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় যাত্রীবোঝাই ইজিবাইকটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে ইজিবাইকের সব যাত্রীই আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া জামান জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আটজনের বাড়িই কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বারখাদা ত্রিমোহনী এলাকায়। তাঁরা হলেন—মোছা. জোনাকি খাতুন, স্বামী শামীম শেখ; মাঞ্জেরা খাতুন, স্বামী লাল্টু শেখ; রোজা শেখ, পিতা রিপন আলী; মেহেদী হাসান, পিতা শামীম শেখ; আব্দুর রাজ্জাক, পিতা সৈকত আলী; সিদ্দিক মন্ডল, পিতা জাব্বার মন্ডল; ইজিবাইকচালক আব্দুল মান্নান, পিতা জামাত আলী এবং আব্দুল মান্নান, পিতা কিয়ামউদ্দিন শেখ।