জন্মনিবন্ধন সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ ও প্রত্যয়নে অসংগতির অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাহিনুর বেগম ও প্রশাসনিক কর্মকর্তা মঞ্জয় দেবনাথের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার নির্দেশে বুধবার (১১ নভেম্বর) তাঁদের পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার নাগরী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে গিয়ে জন্মনিবন্ধন রেজিস্টারে কয়েকটি অসংগতি দেখতে পান জেলা প্রশাসক। রেজিস্টার যথাযথভাবে প্রত্যয়ন করা হয়নি। এ ছাড়া শেষের ৪ ও ৫ নম্বর পাতায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাক্ষরও পাওয়া যায়নি।
এ ধরনের ত্রুটিকে দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণ হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট দুজনের বিরুদ্ধে শোকজ নোটিশ জারির নির্দেশ দেন জেলা প্রশাসক।
পরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাহিনুর বেগমকে এবং সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা) নূর নাহিন নিশাদ প্রশাসনিক কর্মকর্তা মঞ্জয় দেবনাথকে পৃথক চিঠি দেন।
চিঠিতে বলা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কর্মকাণ্ড স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(ঘ) ধারা এবং প্রশাসনিক কর্মকর্তার কর্মকাণ্ড স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১-এর ৩৪(ক) ও ৩৪(খ) বিধির পরিপন্থী বলে অভিযোগ করা হয়েছে।
কেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী উপযুক্ত দণ্ড আরোপ করা হবে না, সে বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া) আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন।