রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে মো. রফিক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় তার এক সহযোগী টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
নিহত রফিক বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় রফিক ও তার সহযোগী মো. আকাশ বাঙ্গালহালিয়ার ভেনটিস মিশন হোস্টেলের আবাসিক পরিচালক সুহেল ত্রিপুরার বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা সুহেল ত্রিপুরার স্ত্রী হেনা ত্রিপুরাকে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পরে আলমারি থেকে নগদ দুই লাখ টাকা ও তিনটি স্বর্ণের আংটি নিয়ে পালানোর চেষ্টা করে।
হেনা ত্রিপুরার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুজনকে ধাওয়া করেন। এ সময় দুটি স্বর্ণের আংটিসহ রফিককে আটক করা সম্ভব হলেও টাকা ও একটি আংটি নিয়ে পালিয়ে যায় আকাশ।
আটক রফিককে উত্তেজিত জনতা মারধর করলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে রফিককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত হন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার এবং পলাতক আকাশকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।