আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার পরিধি বাড়ানো এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ জোরদার করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চালু করা হয়েছে আন্তর্জাতিক বিষয়ক কার্যালয়। নবপ্রতিষ্ঠিত ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ বিশ্ববিদ্যালয়টির বৈশ্বিক অংশীদারত্ব তৈরিতে কাজ করবে।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কার্যালয়টির উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তুলতে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়ানো জরুরি। নতুন এই কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা ও দ্বিপক্ষীয় চুক্তি, বিদেশি শিক্ষার্থী ভর্তি এবং দেশের শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে সহায়তা পাওয়া যাবে।
তারা আরও জানান, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক বৃত্তি, বিনিময় কর্মসূচি এবং যৌথ গবেষণায় অংশগ্রহণের পথ সুগম করবে কার্যালয়টি। পাশাপাশি বিশ্বপরিসরে বেরোবির পরিচিতি বাড়ানো এবং নতুন শিক্ষাগত অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্রতিনিধি, শিক্ষক এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।