ধর্মীয় পরিচয় যা-ই হোক, বাংলাদেশের সব নাগরিকের অধিকার সমান। ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখা বা কোনো সম্প্রদায়কে হীনম্মন্যতায় ভোগানোর সুযোগ নেই। কেউ যেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশন, আদর্শ সদর ও সদর দক্ষিণ এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। নিজের অধিকার নিজেকেই ভোগ করতে হয়। ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে পারস্পরিক সম্প্রীতি ও মানবিক সম্পর্ক জোরদার করতে হবে। বিপদে একে অন্যের পাশে দাঁড়ালে সমাজে বিভেদ কমবে এবং পারস্পরিক আস্থা বাড়বে।
দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পূজা উদ্‌যাপনে সরকার সাধ্য অনুযায়ী সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তবে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও অসচ্ছল প্রতিবেশীদের পাশে দাঁড়াতে হবে।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, কোথাও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর। এমন একটি দেশ গড়ে তুলতে হবে, যেখানে ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষ নিরাপদে বসবাস করবেন এবং দেশের উন্নয়নে সমানভাবে অবদান রাখবেন।
কুমিল্লা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে সভায় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।