রাজশাহী রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্যের পাশাপাশি একটি বার্মিজ চাকুও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (৮ নভেম্বর) সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় ১৪৫টি অভিযান চালানো হয়েছে। এসব ঘটনায় ৫৫টি মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত ৬০ জন, সাজাপ্রাপ্ত ১৫ জন এবং তদন্তাধীন মামলার আসামি ৬৬ জন। প্রতিরোধমূলক ব্যবস্থায় গ্রেপ্তার হয়েছেন আরও একজন। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ২৭ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ২৫১টি ইয়াবা, ১০০টি ট্যাপেন্টাডল, ৮৯ দশমিক ৫ লিটার চোলাই মদ এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি বার্মিজ চাকুও জব্দ করা হয়।
গত ২৪ ঘণ্টায় রেঞ্জ এলাকায় চুরির ঘটনায় চারটি এবং নারী ও শিশু নির্যাতনের অভিযোগে দুটি মামলা হয়েছে। অন্যান্য অপরাধে মামলা হয়েছে ৪৯টি। পাশাপাশি পাঁচটি অপমৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে এ সময়ে হত্যা, ডাকাতি, দস্যুতা, যৌতুকের কারণে হত্যা কিংবা সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা হয়নি।
এদিকে রাজশাহী রেঞ্জের বিভিন্ন ইউনিট থেকে গত ২৪ ঘণ্টায় ৮৬৭ জন সাধারণ মানুষ পুলিশি সেবা নিয়েছেন। চলতি মাসে এ পর্যন্ত সেবা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮০ জনে।