রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য নির্মিত ২১টি বহুতল ভবনে রয়েছে ২ হাজার ১৬টি ফ্ল্যাট। এসব ফ্ল্যাটে বর্তমানে দেশি-বিদেশি প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা বসবাস করছেন। তবে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শেষ হলে অধিকাংশ রুশ নাগরিক নিজ দেশে ফিরে যাবেন। তখন বাংলাদেশি কর্মকর্তা ও অবশিষ্ট রুশ নাগরিক মিলিয়ে জনবল দাঁড়াবে প্রায় দুই হাজার। ফলে বিদ্যমান আবাসনেই সবার থাকার ব্যবস্থা করার পরও অন্তত এক হাজার ফ্ল্যাট খালি পড়ে থাকার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে প্রকল্প এলাকায় নতুন করে চারটি বহুতল ভবন নির্মাণ, একটি ভবন সম্প্রসারণ এবং ল্যাবরেটরিসহ বিভিন্ন স্থাপনা তৈরিতে ৩১৮ কোটি টাকা ব্যয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত এসব স্থাপনা নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও প্রকল্প কর্তৃপক্ষের চাহিদার ভিত্তিতে গণপূর্ত অধিদপ্তর এসব স্থাপনা নির্মাণ করবে। প্রকল্পের তহবিল থেকেই ব্যয় নির্বাহের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে স্থাপত্য অধিদপ্তর নকশা প্রণয়নের কাজ শুরু করেছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নকশা চূড়ান্ত করে নির্মাণকাজ শুরুর পরিকল্পনা রয়েছে।
এর আগে রূপপুর প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে ভবন নির্মাণ ও সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছিল। সম্প্রতি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের (সিএজি) বিশেষ নিরীক্ষায় প্রায় ২৯৪ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্যও উঠে এসেছে। এমন পরিস্থিতিতে নতুন করে প্রয়োজনের অতিরিক্ত স্থাপনা নির্মাণের পেছনে কোনো পক্ষের স্বার্থ রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পের বর্তমান ও সাবেক চার কর্মকর্তা জানান, চুক্তি অনুযায়ী রুশ নাগরিকদের আবাসনের ব্যবস্থা করার দায়িত্ব বাংলাদেশের ওপর ছিল। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশি কর্মকর্তারাও যাতে এসব ভবন ব্যবহার করতে পারেন, সেই বিবেচনায় স্থায়ী আবাসন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু নির্মাণকাজ শুরুতে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে সব আবাসনের ব্যবস্থা করা যায়নি। এ কারণে প্রকল্পের শেষ পর্যায়ে রুশ পক্ষ বাংলাদেশের কাছে ৮০ কোটি টাকা দাবি করেছে। তবে এ দাবির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।
পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ কবির জানান, গ্রিন সিটিতে নির্মিত ২১টি বহুতল আবাসিক ভবন এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে। এখন সংশোধিত উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন ছয়টি ভবন নির্মাণ এবং একটি ভবন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এসব কাজের জন্য মোট ৩১৮ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গ্রিন সিটির ২১টি ভবনে মোট ফ্ল্যাটের সংখ্যা ২ হাজার ১৬টি। এর মধ্যে দুটি ১৬ তলা ভবনে রয়েছে ১১২টি ফ্ল্যাট। একই উচ্চতার আরও আটটি ভবনে রয়েছে ৬৬৮টি এবং ২০ তলা ১১টি ভবনে রয়েছে ১ হাজার ২১৬টি ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৮৫০ থেকে ১ হাজার ৫০০ বর্গফুট।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে। চলতি মাসেই প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ইউনিট চালু হতে পারে আগামী বছরের শেষ দিকে। এরই মধ্যে অনেক রুশ নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে অধিকাংশ রুশ নাগরিকের ফিরে যাওয়ার কথা রয়েছে। তবে বিদ্যুৎকেন্দ্র পরিচালনার কাজে আরও দুই থেকে তিন বছর ২৫০ থেকে ৩০০ জন রুশ নাগরিক সেখানে অবস্থান করবেন।
রাষ্ট্রায়ত্ত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) জনবল প্রায় ১ হাজার ৭৫০ জন। রুশ নাগরিকদের যুক্ত করলে মোট জনবল দাঁড়াবে প্রায় দুই হাজার। এদের মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা রয়েছেন ৮০০ থেকে ৯০০ জন। সেই হিসাবে বিদ্যমান ২ হাজার ১৬টি ফ্ল্যাটেই কর্মকর্তা ও রুশ নাগরিকদের আবাসনের ব্যবস্থা করা সম্ভব। এরপরও উল্লেখযোগ্যসংখ্যক ফ্ল্যাট অব্যবহৃত থাকার আশঙ্কা রয়েছে। কর্মচারীদের আবাসনের ব্যবস্থা করলেও বর্তমান ভবনগুলোতে সবার থাকার সুযোগ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থাপত্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন নির্মাণ পরিকল্পনায় রয়েছে ১৬ তলা একটি আবাসিক ভবন। এর নিচের দুই তলা ব্যবহার করা হবে গাড়ি পার্কিংয়ের জন্য। বাকি ১৪ তলায় থাকবে ১ হাজার ৮২০ বর্গফুটের ২৮টি এবং ২ হাজার ৫১০ বর্গফুটের ১৪টি ফ্ল্যাট। সব মিলিয়ে ফ্ল্যাটের সংখ্যা হবে ৪২টি। পাশাপাশি ১২ তলা একটি ডরমিটরি, ১০ তলা নিরাপত্তা ব্যারাক এবং বর্তমানে থাকা ১৬ তলা ব্যাচেলর ডরমিটরি সম্প্রসারণ করে ২০ তলায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
নিরাপত্তাকর্মীদের জন্য ১০ তলা ব্যারাক নির্মাণের পরিকল্পনাটিও প্রশ্নের মুখে পড়েছে। কারণ, বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালনে এনপিসিবিএলের নিজস্ব নিরাপত্তা বাহিনী গঠনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত এ ধরনের বাহিনী গঠন করা হবে কি না, সে বিষয়েও অনিশ্চয়তা রয়েছে।
বিদ্যুৎকেন্দ্রের পরিবেশগত প্রভাব পর্যবেক্ষণের জন্য নতুন একটি ‘এনভায়রনমেন্ট মনিটরিং ল্যাব’ নির্মাণের প্রস্তাব রয়েছে। অথচ একই ধরনের কার্যক্রম পরিচালনার জন্য প্রকল্প এলাকায় আগে থেকেই একটি পরীক্ষাগার রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এ ধরনের পরীক্ষাগারের জন্য পৃথক বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয়তা নেই।
পরিকল্পনায় স্টেশন ডিরেক্টরের আবাসিক ভবন ও একটি মসজিদ নির্মাণের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ দুটি স্থাপনার প্রয়োজনীয়তা থাকলেও অন্য ভবনগুলোর যৌক্তিকতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। মোট ৩১৮ কোটি টাকার মধ্যে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে প্রশ্নবিদ্ধ স্থাপনাগুলো নির্মাণে।
এ বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের (রুটিন দায়িত্ব) এম মঈনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রকল্পের কয়েকজন কর্মকর্তার মতে, এক দশক আগে এসব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলে তা সময়োপযোগী হতে পারত। কিন্তু বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের কাজ প্রায় শেষ এবং অধিকাংশ রুশ নাগরিক দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এ অবস্থায় নতুন করে এতগুলো ভবন নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এনপিসিবিএলের কয়েকজন কর্মকর্তা জানান, গ্রিন সিটিতে বসবাসের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বেতন থেকে যে পরিমাণ বাড়িভাড়া কাটা হয়, তার তুলনায় কম খরচে বাইরে বাসা ভাড়া পাওয়া যায়। এ কারণে অনেক কর্মকর্তা গ্রিন সিটিতে থাকতে আগ্রহ দেখান না। নতুন করে সরকারি কর্মচারীদের বেতন বাড়ায় এ অনাগ্রহ আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, ঢাকার বাইরে অনেক সরকারি আবাসিক ভবন অতিরিক্ত ভাড়ার কারণে অব্যবহৃত পড়ে থাকে। চাহিদার বাইরে গিয়ে নতুন ভবন নির্মাণ করা হলে তা সরকারি অর্থের বড় ধরনের অপচয় হবে। এ ধরনের অযৌক্তিক ব্যয় বন্ধ করা প্রয়োজন।
উল্লেখ্য, গ্রিন সিটির ভবন নির্মাণ ও সরঞ্জাম কেনাকাটার বিভিন্ন খাতে সিএজির বিশেষ নিরীক্ষায় ব্যাপক আর্থিক অনিয়মের তথ্য পাওয়া গেছে। বৈদ্যুতিক সাবস্টেশন স্থাপনে প্রায় আট গুণ বেশি অর্থ ব্যয়ের পাশাপাশি জেনারেটর, লিফট, এয়ারকন্ডিশনার, সৌরবিদ্যুৎ ব্যবস্থা, সিসি ক্যামেরা, ফায়ার হাইড্রেন্ট, ইন্টারনেট সংযোগ ও পাম্প স্থাপনেও অস্বাভাবিক ব্যয়ের তথ্য উঠে এসেছে।
নিরীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়েছে, অতিরিক্ত দামে বালিশ ও ড্রেসিং টেবিল কেনা, পণ্য সরবরাহ না করেই ঠিকাদারকে বিল পরিশোধ, নকশার বাইরে রডের ল্যাপিংয়ে ৭০ শতাংশ অতিরিক্ত পরিমাপ দেখিয়ে বিল দেওয়া এবং উৎসে ভ্যাট কর্তন না করার মতো অনিয়ম হয়েছে। মোট ১০টি বিষয়ে অডিট আপত্তিতে সরকারের ২৯৪ কোটি টাকার আর্থিক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।