গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য বরাদ্দ করা গজ দিয়ে হাসপাতাল চত্বরে অস্থায়ী বেষ্টনী তৈরির ঘটনা ঘটেছে। গাছ ও সীমানাপ্রাচীরের রেলিংয়ে গজ বেঁধে এভাবে ঘেরাও দেওয়ায় সরকারি চিকিৎসাসামগ্রীর ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে ওষুধ ও চিকিৎসাসামগ্রী কেনার জন্য হাসপাতালটির রাজস্ব বাজেটে ১ কোটি ৩৩ লাখ ৯ হাজার ৯১২ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে গজ, ব্যান্ডেজ ও তুলা কেনার জন্য বরাদ্দ রয়েছে ১০ লাখ ৪০ হাজার ১৬০ টাকা। রোগীদের ক্ষতস্থান ঢেকে রাখা ও রক্তপাত নিয়ন্ত্রণে ব্যবহৃত এসব সামগ্রীর একটি অংশ দিয়ে হাসপাতালের চত্বরে বেষ্টনী তৈরি করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, হাসপাতালের চত্বরে কয়েকটি গাছের সঙ্গে সাদা গজ পেঁচিয়ে টানটান করে বাঁধা হয়েছে। একইভাবে সীমানাপ্রাচীরের রেলিংয়েও গজ ব্যবহার করা হয়েছে। অটোরিকশা প্রবেশ ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে চিকিৎসাসামগ্রীর এমন ব্যবহার দেখে ক্ষোভ জানিয়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনেরা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ বলেন, হাসপাতালে গজের পর্যাপ্ত মজুত থাকায় কয়েকটি গজ দিয়ে অস্থায়ী বেষ্টনী দেওয়া হয়েছে। মূলত অটোরিকশার প্রবেশ ঠেকাতে এটি করা হয়েছে। তিনি জানান, গজ সরিয়ে সেখানে রশি দিয়ে বেষ্টনী তৈরি করা হবে।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, গজ এভাবে ব্যবহার করা ঠিক হয়নি। এগুলো নষ্ট বা ব্যবহৃত মনে করে কাজে লাগানো হয়ে থাকতে পারে। তবে কোনো অবস্থাতেই চিকিৎসাসামগ্রী এভাবে ব্যবহার করা উচিত নয়। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।
সরকারি হাসপাতালের চিকিৎসাসামগ্রী রোগীদের সেবায় ব্যবহারের জন্য বরাদ্দ করা হয়। তাই এসব উপকরণের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকেরা। তাদের দাবি, শুধু বেষ্টনী পরিবর্তনের প্রতিশ্রুতি নয়, সরকারি সম্পদের ব্যবহার ও তদারকির বিষয়টিও খতিয়ে দেখা হোক।




