কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতকালীন সবজির বাজারে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। উৎপাদন বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে কেজিপ্রতি বেগুন বিক্রি হচ্ছে মাত্র ৩ থেকে ৪ টাকায়। লাউয়ের দামও নেমে এসেছে ৩ থেকে ৫ টাকায়। এতে কম দামে সবজি কিনে স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। বিপরীতে উৎপাদন খরচ তুলতে না পেরে লোকসান গুনছেন কৃষকেরা। পরিস্থিতি সামাল দিতে অনেকেই বেগুন ও লাউয়ের ক্ষেত তুলে বিকল্প ফসল আবাদ করছেন।
উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, বাজারে সবজির সরবরাহ বাড়লেও কৃষকেরা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। বিশেষ করে বেগুন ও লাউয়ের দরপতনে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন উৎপাদকরা।
কুরুষাফেরুষা এলাকার কৃষক সিদ্দিক খন্দকার পাঁচ বিঘা জমিতে বেগুন চাষ করেছিলেন। প্রতি বিঘায় তার উৎপাদন খরচ হয়েছে ৪০ থেকে ৪৫ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় দুই লাখ টাকা ব্যয় হলেও এ পর্যন্ত বেগুন বিক্রি করে পেয়েছেন দেড় লাখ টাকা। বর্তমানে কেজিপ্রতি মাত্র ৩ টাকা দাম পাওয়ায় লোকসান কমাতে এক সপ্তাহ আগে ক্ষেতের গাছ তুলে ফেলেছেন তিনি।
সিদ্দিক খন্দকার বলেন, গত বছর একই সময়ে প্রতি মণ বেগুন ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি করেছিলেন। ভালো লাভের আশায় এবারও চাষ করেছিলেন। কিন্তু এবার উৎপাদন খরচই উঠছে না। তাই সাড়ে তিন বিঘা জমিতে সরিষা এবং আধা বিঘায় শসা চাষ শুরু করেছেন।
লাউ চাষেও লোকসানের কথা জানিয়েছেন এই কৃষক। এক বিঘা জমিতে লাউ উৎপাদনে প্রায় ২০ হাজার টাকা খরচ হলেও শুরুতে প্রতিটি ১০ টাকায় বিক্রি করা লাউয়ের দাম পরে ৩ থেকে ৫ টাকায় নেমে আসে। অন্যদিকে সারসংকট ও বাড়তি দামে সার কেনায় উৎপাদন ব্যয় আরও বেড়েছে। লোকসান কাটাতে তিনি নতুন করে ফুলকপি, সরিষা ও শসা চাষ করছেন।
পূর্ব ফুলমতি এলাকার কৃষক মিজানুর রহমানও বেগুনের দরপতনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এক বিঘা জমিতে চাষ করতে তার খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। অথচ এ পর্যন্ত বিক্রি করে পেয়েছেন ৩০ হাজার টাকা। তিনি জানান, গত তিন সপ্তাহ ধরে প্রতি মণ বেগুন মাত্র ১৫০ টাকায় বিক্রি করছেন। গত বছর একই সময়ে দাম ছিল ৮০০ টাকা।
নাওডাঙ্গার সন্তোষ চন্দ্র রায় এবং কুরুষাফেরুষার মুকুল মিয়া ও পুলিন চন্দ্র রায়সহ স্থানীয় কয়েকজন কৃষকও একই পরিস্থিতির কথা জানিয়েছেন। তাদের অভিযোগ, সার ও কৃষি উপকরণের দাম বাড়লেও উৎপাদিত সবজির ন্যায্যমূল্য মিলছে না। এতে কৃষিকাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে।
অন্যদিকে বালারহাট বাজারের সবজি ব্যবসায়ী লুৎফর রহমান নতু ও রবিউল ইসলাম বাবু জানান, পাইকারি বাজারে দাম অনেক কমেছে। তবে পরিবহন ও অন্যান্য খরচ যুক্ত হওয়ায় খুচরা বাজারে কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
তাদের দেওয়া তথ্যমতে, প্রতি কেজি বেগুন ৩ থেকে ৪ টাকায় কিনে ৮ থেকে ১০ টাকায় বিক্রি করছেন। লাউ প্রতিটি ৫ থেকে ৭ টাকায় কিনে বিক্রি করছেন ১০ থেকে ১২ টাকায়। এ ছাড়া ফুলকপি ৩৫ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ও মুলা ২০ টাকা, শিম ও করলা ৬০ টাকা, আলু ১৫ টাকা, পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা এবং কাঁচা মরিচ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, খরিফ-১ মৌসুমে ৪০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছিল। এর মধ্যে ২৫ হেক্টরের ফসল কাটা হয়েছে। চলতি শীতকালীন মৌসুমেও ৪০ হেক্টর জমিতে বিভিন্ন সবজি চাষ হচ্ছে। এর মধ্যে লাউ ৩৫ হেক্টর এবং কাঁচা মরিচ ১০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে।
তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার বেগুন ও লাউয়ের উৎপাদন ভালো হয়েছে। মৌসুমের শুরুতে কৃষকেরা ভালো দাম পেলেও বর্তমানে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে।
এ অঞ্চল থেকে প্রতিদিন ১৫ থেকে ২০টি ট্রাকে সবজি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে বলে জানা গেছে। কৃষি কর্মকর্তা বলেন, কৃষকদের উৎপাদিত সবজির ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষি বিপণন অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।