নোয়াখালীতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়েছে ‘গণিত অলিম্পিয়াড ২০২৬’। শুক্রবারের এ আয়োজনে জেলার প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ বাড়ানো এবং যুক্তিনির্ভর চিন্তার চর্চা উৎসাহিত করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা উত্তর শাখা এ প্রতিযোগিতার আয়োজন করে।
সকাল ১০টায় বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একযোগে প্রতিযোগিতা শুরু হয়।
পরে সকাল ১১টার দিকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিন, শিবিরের জেলা উত্তর সভাপতি মুজাহিদুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আবু জাহেদ এবং সংগঠনটির সাবেক জেলা উত্তর সভাপতি মশিউর রহমান ফাহাদ ও সাবেক জেলা সভাপতি সাফায়েত হোসেনসহ নেতারা।
আয়োজক সংগঠনের জেলা উত্তর সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি কমিয়ে গাণিতিক দক্ষতা ও যৌক্তিক চিন্তাশক্তি বাড়ানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ভাবনার জগত রঙিন করি, গণিতের সুতোয় স্বপ্ন বুনি’ স্লোগানে আয়োজিত এ অলিম্পিয়াডে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে গণিতচর্চার গুরুত্ব তুলে ধরা হয়।




