চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. মনজুর মোর্শেদ আর নেই। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, খিঁচুনিজনিত মস্তিষ্কের প্রদাহে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ডা. মনজুর মোর্শেদ চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাছবাড়িয়া এলাকার মফজল আহমদ তহসিলদার বাড়ির সন্তান। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি মরহুম আলহাজ্ব মফজল আহমদ তহসিলদারের জ্যেষ্ঠ ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, পাঁচ ভাই, চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার রাত ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোডের নাসিরাবাদ শাহী জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় চন্দনাইশের পশ্চিম গাছবাড়িয়া আলহাজ্ব মফজল আহমদ জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।