জামালপুর শহরের মৃধাপাড়ায় অনুমোদন ছাড়া চারতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভবনমালিক মো. জাহিদুল ইসলামকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জামালপুর পৌরসভা। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পৌর প্রশাসকের কাছে দেওয়া লিখিত আবেদনে ইশতিয়াক আহমেদ রাবু অভিযোগ করেন, মৃধাপাড়ায় পৌরসভার বিধিবিধান ও ইমারত নির্মাণ আইন না মেনে জাহিদুল ইসলাম ও মো. ভুট্টু একটি চারতলা ভবন নির্মাণ করেছেন। ভবনটি প্রায় এক শতাংশ জমির মধ্যে ০.৩০ শতাংশ জায়গায় নির্মাণ করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
রাবুর দাবি, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে দুর্ঘটনা ঘটতে পারে। এতে আশপাশের ভবনও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় নির্মাণকাজ বন্ধ করে ভবনটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহুরুল হক জানান, গত ১ অক্টোবর ভবনমালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এতে ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর ৩(১) ধারা লঙ্ঘনের অভিযোগ উল্লেখ করা হয়েছে। সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে আইন অনুযায়ী ভবন ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হবে কি না, সে বিষয়ে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
ভবনটির অনুমোদন, নির্মাণবিধি অনুসরণ এবং নিরাপত্তার বিষয়টি যাচাই করে পৌর কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।