দীর্ঘ বিরতির পর আবারও পর্যটকদের আনাগোনায় সরগরম হয়ে উঠছে রাঙ্গামাটির সাজেক ভ্যালি। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অবরোধ শিথিলের প্রথম দিন শুক্রবার সাত শতাধিক পর্যটক সেখানে পৌঁছেছেন। পর্যটকদের ফিরে আসায় স্থানীয় আবাসন ও খাবারের ব্যবসায়ীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি থেকে আসা পর্যটকেরা বাঘাইহাট সেনা জোনের বিশেষ নিরাপত্তা স্কটে সাজেকে প্রবেশ করেন। জিপ, মাহেন্দ্র ও মোটরসাইকেলে করে এসব পর্যটক সেখানে যান। সাজেক জিপ গাড়ির লাইনম্যান ইয়াছিন আরাফাত জানান, বিকেলের স্কটেও আরও পর্যটক আসার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার রাতে রাঙ্গামাটি জেলা প্রশাসন সাজেক ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। অন্যদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ শুক্রবার থেকে আগামী ২১ অক্টোবর পর্যন্ত শিথিল করা হয়েছে।
সাজেকের পর্যটন ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন পর্যটক না থাকায় রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁসহ সংশ্লিষ্ট ব্যবসাগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনে দুর্গাপূজার ছুটি থাকায় পর্যটকের সংখ্যা বাড়ার প্রত্যাশা করছেন তারা।
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সুপর্ণ দেব বর্মন বলেন, পূজার ছুটিতে পর্যটকদের ভালো সাড়া পাওয়া গেলে সাম্প্রতিক ক্ষতি অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। ইতোমধ্যে সাজেকের অধিকাংশ রিসোর্ট ও কটেজে কক্ষ বুকিং শুরু হয়েছে।
নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের যাতায়াতে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তা প্রত্যাহার করা হয়েছে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, খাগড়াছড়ি থেকে আসা পর্যটকেরা নিরাপদে সাজেকে পৌঁছেছেন।