পাঠ্যবইয়ের কবিতা থেকে মঞ্চনাটক—এভাবেই সৃজনশীলতার নতুন অভিজ্ঞতা অর্জন করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে নন্দগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবি কাজী নজরুল ইসলামের ‘লিচু চোর’ কবিতা অবলম্বনে ‘একটি লিচু চোরের গল্প’ নাটক মঞ্চস্থ করে। নাটকটির রচনা ও নির্দেশনা দেন হাজ্জাজ তানিন।
শিশুদের কল্পনাশক্তি, মনন ও মেধার বিকাশ ঘটাতে জেলা প্রশাসনের উদ্যোগে এবং সাংস্কৃতিক উন্নয়নবিষয়ক সংস্থা ‘কারিগর’-এর বাস্তবায়নে শুরু হয়েছে ‘স্কুল সিলেবাস থিয়েটার’ কর্মসূচি। এ উদ্যোগের আওতায় তেঁতুলিয়া উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় নিয়ে ১০টি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে।
নাটক দেখতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীসহ প্রায় পাঁচ শতাধিক দর্শক উপস্থিত হন। আয়োজকেরা জানান, মঞ্চায়নের আগে ২৫ শিক্ষার্থীকে নিয়ে সাত দিনের নাট্য প্রশিক্ষণ কর্মশালা করা হয়। এতে অভিনয়ের পাশাপাশি মেডিটেশন, ব্যায়াম ও থিয়েটার গেমের চর্চা করানো হয়।
শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন এলাকায় আগে হয়নি। নাটকে অংশ নিয়ে শিশুরা আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা, নিজেদের ভাবনা প্রকাশ এবং ইংরেজিতে কথা বলার সাহস অর্জন করছে। নাটকের গল্পে শুধু লিচু চুরির ঘটনা নয়, প্রাণ-প্রকৃতি ও পরিবেশের বিভিন্ন দিকও উঠে এসেছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, থিয়েটার কেবল বিনোদনের বিষয় নয়; এর মাধ্যমে সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা যায়। আয়োজনটিকে তিনি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার বলেন, নাট্য প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক এলাকার শিশুদের সাংস্কৃতিক চর্চায় আগ্রহ বাড়বে এবং তাদের মানবিক বিকাশ ঘটবে। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন সারিয়ালজোত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন।