কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচারের অভিযোগে একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। শুক্রবার (১৬ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার ওয়ালাপালং বিটের উত্তর পুকুরিয়ার কালুরপাহাড় এলাকায় অভিযান চালিয়ে ডাম্পারটি জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে ওয়ালাপালং বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, আবদুল কায়ুম, ইসমাইল হোসেন, আলী আহম্মদ, ইলিয়াস হোসেনসহ রেঞ্জের অন্যান্য বনকর্মী অংশ নেন।
স্থানীয় সূত্রের বরাতে উত্তর পুকুরিয়া এলাকার বেলাল উদ্দিনের বিরুদ্ধে পাহাড় কেটে মাটি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
বন বিভাগ জানিয়েছে, বন ও পরিবেশ রক্ষা এবং পাহাড় কাটা বন্ধে অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশসচেতন ব্যক্তিরা বলছেন, পাহাড় কেটে মাটি সরানোর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।