ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার চার উপজেলার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার ভোররাত ও সকালে পরিচালিত এসব অভিযানে জব্দ পণ্যের আনুমানিক মূল্য ৫০ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে অভিযান চালানো হয়। ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বাসমতী চাল, বাজি, এনার্জি ড্রিংকস, মাখন, গরু, চকলেট, চা-পাতা, বিভিন্ন ওষুধ, শাড়ি, ফেসওয়াশ, ত্বকের ক্রিম, অলিভ অয়েল, বডি স্প্রে, কুইচ্চা মাছ, গাঁজা, মদ, বিয়ার ও মোটরসাইকেল।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের নির্দেশনায় সীমান্তে নজরদারি ও অভিযান বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান বন্ধে এ তৎপরতা অব্যাহত থাকবে।




