জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে জয়পুরহাটের জেলা প্রশাসককে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছে জেলা ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
শনিবার (৭ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলামের ফেসবুক পোস্টে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ছবি রাখা হয়নি। পাশাপাশি এক বক্তা বক্তব্যে বারবার শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসেবে উল্লেখ করলেও জেলা প্রশাসক এ বিষয়ে নীরব ছিলেন বলে অভিযোগ করেছে ছাত্রদল। এসব ঘটনায় সংগঠনটি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসকের অপসারণ দাবি করেছে।
জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় দেওয়া বিবৃতিতে স্বাক্ষর করেন সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম। সভাপতি গোলাম মাহফুজ শুভ মুঠোফোনে বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, অনুষ্ঠানে তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে। জেলা প্রশাসকের অপসারণের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে।
অন্যদিকে জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অনুষ্ঠানের ব্যানারটি জেলা প্রশাসক নিজেই নির্ধারণ করেছিলেন। তবে তারা আগে এ বিষয়ে অবগত ছিলেন না; অনুষ্ঠানে এসে ব্যানারটি দেখতে পান।
রোববার সকালে জেলা প্রশাসক আল-মামুন মিয়ার সরকারি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, শনিবার সকালে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভায় মূল ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে প্রথম দফায় অসন্তোষ ও হট্টগোল হয়। পরে ব্যানারে তার ছবি সংযুক্ত করে অনুষ্ঠান শুরু করা হয়। তবে এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির পর জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। এ ঘটনায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন।