ফেনীর সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১১ লাখ ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে গাঁজা, স্কাফ সিরাপ ও শাড়ি।
রবিবার (৮ নভেম্বর) ভোরে ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেয় ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীন মধুগ্রাম ও তারাকুচা বিওপির সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তের পৃথক স্থানে বিশেষ তল্লাশি চালানো হয়। এ সময় চোরাচালানের উদ্দেশ্যে আনা ভারতীয় বিভিন্ন পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ১৮ হাজার টাকা।
৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে মাদক ও পণ্য চোরাচালান বন্ধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিয়মিত নজরদারি করছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।