তামাক চাষের দীর্ঘদিনের নির্ভরতা কাটিয়ে বিকল্প ফসল হিসেবে পেঁপে উৎপাদনে সাফল্য পাচ্ছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কৃষকরা। কৃষি বিভাগের প্রশিক্ষণ, পরামর্শ ও সরকারি সহায়তায় পেঁপে চাষ করে আগের তুলনায় কয়েক গুণ বেশি আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে তামাক চাষ থেকে সরে আসতে আগ্রহী হচ্ছেন এলাকার আরও অনেক কৃষক।
কুষ্টিয়ার ছয় উপজেলায় প্রতিবছর প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে তামাকের আবাদ হয়। এতে খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি মাটি, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তামাক কোম্পানির প্রলোভন এবং মৌসুম শেষে এককালীন নগদ অর্থ পাওয়ার আশায় প্রায় ২৫ হাজার কৃষক এ চাষের সঙ্গে যুক্ত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তামাকের বিকল্প হিসেবে পেঁপে, আদা, ক্যাপসিকাম, গ্রীষ্মকালীন পেঁয়াজ, তরমুজ ও ড্রাগন ফলসহ বিভিন্ন উচ্চমূল্যের ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করছে কৃষি বিভাগ। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দেওয়া হচ্ছে প্রশিক্ষণ, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা।
এর সুফল পেয়েছেন মিরপুর উপজেলার মশান গ্রামের কৃষক জামিরুল ইসলাম। একসময় তামাক চাষে যুক্ত থাকা এই কৃষক এখন পেঁপে উৎপাদন করে লাভের মুখ দেখছেন। গত জানুয়ারিতে এক বিঘা জমিতে প্রায় ৪৫০টি পেঁপের চারা রোপণ করেন তিনি। এতে তার ব্যয় হয়েছিল ৬০ হাজার টাকা। গত ১ নভেম্বর প্রথম দফায় পেঁপে বিক্রি করে পেয়েছেন এক লাখ সাত হাজার টাকা। বাগান থেকেই পাইকাররা পণ্য কিনে নিয়ে যাওয়ায় পরিবহন খরচও বহন করতে হচ্ছে না তাকে।
জামিরুল জানান, তামাক উৎপাদনে পরিবারের সবাইকে দীর্ঘ সময় পরিশ্রম করতে হতো। প্রায় ছয় মাসের শ্রম ও ৪০ থেকে ৫০ হাজার টাকা ব্যয় করে তামাক বিক্রি থেকে ৮০ হাজার থেকে এক লাখ টাকা পাওয়া যেত। তামাক প্রক্রিয়াজাত করার সময় নির্গত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিও ছিল। পাশাপাশি পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটত।
একই উপজেলার বলিদাপাড়া গ্রামের কৃষক মহিদুল ইসলামও পেঁপে চাষে আশাবাদী। ২৫ কাঠা জমিতে তার পেঁপের বাগান হয়েছে। তিনি জানান, তামাক চাষে একবার ফসল বিক্রি করে অর্থ পাওয়া গেলেও পেঁপে গাছ থেকে প্রায় দুই বছর ফল সংগ্রহ করা সম্ভব। ফলে দীর্ঘমেয়াদে এ আবাদ থেকে বেশি আয়ের সুযোগ রয়েছে।
কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, বিকল্প উচ্চমূল্যের ফসল চাষে এক বিঘা জমি থেকে তামাকের তুলনায় অন্তত চার গুণ বেশি আর্থিক লাভের সুযোগ তৈরি হচ্ছে।
কুষ্টিয়া শহরের নিশান মোড়ের সবজি বিক্রেতা নিত্যরঞ্জন জানান, বাজারে পেঁপের চাহিদা বাড়ছে। তার দোকানে প্রতিদিন প্রায় এক মণ পেঁপে বিক্রি হয়। প্রতি কেজির দাম ২৫ থেকে ৩০ টাকা।
মিরপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মাহাবুল ইসলাম বলেন, পেঁপে চাষে লাভের বিষয়টি দেখে এলাকার অন্য তামাক চাষিরাও আগ্রহ দেখাচ্ছেন। প্রশিক্ষণ, সরকারি সহায়তা ও নিয়মিত পরামর্শের মাধ্যমে তাঁদের বিকল্প ফসল উৎপাদনে যুক্ত করার চেষ্টা চলছে।
প্রকল্প পরিচালক রবিউল ইসলাম জানান, কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন পদ্ধতি সম্প্রসারণে কাজ করছে সরকার। কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে তাদের জীবনমান উন্নয়নে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।