দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করতে গিয়ে সিং সিয়াওজুন (৪৩) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতের শিফটে খনিতে কাজ করতে নেমে নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খনিশ্রমিক সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে ১৩০৫ নম্বর কোল ফেইসে কয়লা উত্তোলনের কাজে ভূগর্ভে নামেন সিং সিয়াওজুন। তিনি খনির ভেন্টিলেটর সাইডে দায়িত্ব পালন করতেন। রাত ৩টার পর থেকে তার সঙ্গে সহকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
মঙ্গলবার সকাল ৭টায় শিফটের দায়িত্ব শেষ হলেও তিনি ভূগর্ভ থেকে ফিরে না আসায় বিষয়টি কন্ট্রোল রুমে জানানো হয়। পরে উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে ১৩০৫ নম্বর কোল ফেইসের সিল ওয়ালের পাশে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তার মৃত্যু হয়।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক জানান, দৈনন্দিন কাজের অংশ হিসেবে সিং সিয়াওজুন দুই স্থানীয় সহকর্মীকে নিয়ে ভূগর্ভে গ্যাস পরিমাপ করতে যান। পরে সহকর্মীদের অন্য স্থানে পাঠিয়ে তিনি নিজে সিল ওয়ালের পাশে গ্যাস পরিমাপের কাজ করছিলেন। নির্ধারিত স্থানে তাকে না পেয়ে সহকর্মীরা কন্ট্রোল রুমে খবর দেন। পরে উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
খনি কর্তৃপক্ষ মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি। তবে কয়েকজন খনিশ্রমিকের ধারণা, ভূগর্ভে অক্সিজেনের স্বল্পতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি এখনো নিশ্চিত নয়।
খনি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। এ বিষয়ে চীনা কনসোর্টিয়াম তাদের দেশের সংশ্লিষ্ট দপ্তর ও নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। তাদের নিজস্ব প্রক্রিয়া অনুযায়ী মরদেহ সৎকারের ব্যবস্থা করা হবে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহের ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।