ময়মনসিংহের ত্রিশালে সোহেল হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্য ১২ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন ত্রিশাল উপজেলার বাঘাদাড়িয়া গ্রামের আব্দুস সাত্তার ব্যাপারী (৭৫), তার দুই ছেলে আলমগীর মিয়া (৫৩) ও রনি (৩৭) এবং ছোট ভাই আশিকুর রহমান আশিক (৩৫)। তাদের মধ্যে আলমগীর, রনি ও আশিক পলাতক রয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. আব্দুল মালেক জানান, ২০১১ সালের ২ জুন নিহত সোহেলের বাবা আব্দুস সালাম ব্যাপারী ত্রিশাল থানায় হত্যা মামলাটি করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০১১ সালের ২৮ মে সোহেলের ওপর হামলা চালান আসামিরা। গুরুতর আহত সোহেল চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান। নিহতের বাবা আব্দুস সালাম ও দণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তার সম্পর্কে সহোদর ভাই।