বিগত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার ১৭ বছরে যে ক্ষতি করেছে, তার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ও দেশের ক্ষতি হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী অভিযোগ করেন, দেশে যেন নির্বাচন না হয় এবং অস্থিরতা বজায় থাকে, সে জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন চেষ্টা চালিয়ে গেছে। দেশে ছড়ানো অপতথ্যের জন্য একটি দলকে দায়ী করে তিনি তাদের ‘বট বাহিনী’ বলে উল্লেখ করেন। অপতথ্য প্রতিরোধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান রশিদুজ্জামান মিল্লাত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন।
অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি সহায়তা ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যেও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।




