নওগাঁর বদলগাছীতে বিদ্যালয়ের অন্তত ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে শিশুদের চুলের স্বাভাবিক আকৃতি নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। একই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধর ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগও করেছেন তাঁরা।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এতে শিশুরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। এর আগেও ওই শিক্ষক শিক্ষার্থীদের মারধর করেছেন। এমনকি এক শিক্ষার্থীর ভ্রুর চুল কেটে দেওয়ার অভিযোগও রয়েছে।
অভিভাবক মিলন জানান, বাড়িতে ফিরে ছেলের মাথার চুল অস্বাভাবিকভাবে কাটা অবস্থায় দেখতে পান তিনি। তার ছেলে ফাহামুদ হোসাইনের চুল আগে স্বাভাবিক ছিল। বিষয়টি নিয়ে বিদ্যালয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
অভিভাবক রকেট হোসেন বলেন, প্রায় ১৫ শিক্ষার্থীর চুল এভাবে কেটে দেওয়া হয়েছে। এর আগেও এক শিক্ষার্থীর ভ্রুর চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। শীতের মধ্যে শিশুদের এমন অবস্থায় ফেলে দেওয়ায় তাঁরা বিব্রত। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
আরেক অভিভাবক মিতু বানু অভিযোগ করেন, কয়েক দিন আগে তার ছেলেকে মারধর করায় দুই পা রক্তাক্ত হয়েছিল। এরপর থেকে ভয়ে সে বিদ্যালয়ে যেতে চাইছে না। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনার যথাযথ তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ে যাচ্ছিল। এ কারণে কয়েকজনের চুল কেটে দিয়েছেন তিনি। চুল এভাবে কাটার কারণ জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের দেখতে খারাপ লাগছিল, তাই কপালের ওপরের চুল কেটেছেন।
বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা রুহুল আমিনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে প্রশিক্ষণে রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, ঘটনাটি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।