সিরাজগঞ্জে মাদক মামলায় এক নারীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম লায়লা শারমিন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। আদালতের অতিরিক্ত পিপি শামসুজ্জোহা শাহান শাহ এ তথ্য জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার মৃত দানেজ শেখের ছেলে কায়েস ওরফে বুলু শেখ এবং একই মহল্লার মৃত লিটন শেখের স্ত্রী মমতা খাতুন। মমতা খাতুন বুলু শেখের চাচি শাশুড়ি।
মামলার বিবরণে অতিরিক্ত পিপি শামসুজ্জোহা শাহান শাহ জানান, ২০১৭ সালের ১৭ জুন বুলু শেখের বাড়িতে অভিযান চালান র‌্যাব সদস্যরা। ওই অভিযানে ১১২ গ্রাম হেরোইন, ২০০ ইয়াবা, মাদক বিক্রির ৬ লাখ ৪৫ হাজার ২২০ টাকা এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে সদর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুলু শেখ ও মমতা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার অপর আসামি একই মহল্লার শাহিন শেখ বিচার চলাকালে মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পিপি।