চট্টগ্রাম কাস্টমস হাউসের অকেজো ঘোষিত ভবন ও স্থাপনায় থাকা সাব-স্টেশন, ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড ক্যাবলসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম অপসারণ করে নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আগ্রহী ঠিকাদারদের কাছ থেকে দরপত্র আহ্বান করেছে কাস্টমস হাউস।
গতকাল কনডেমনেশন কমিটির সভাপতি ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস মো. ইমরান হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিলামের আওতায় রয়েছে বিদ্যমান সাব-স্টেশন, ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক্যাল ক্যাবল, ওয়্যারিং ক্যাবলসহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম। এসব সরঞ্জাম অপসারণের পর নির্মাণ এলাকা পরিষ্কার করতে হবে। পুরো কাজ ৩০ দিনের মধ্যে সম্পন্ন করার শর্ত দেওয়া হয়েছে।
আগ্রহী ঠিকাদারদের হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন সনদ এবং সিডিউল মূল্য পরিশোধের ই-চালানের কপিসহ অ্যাসিস্ট্যান্ট কমিশনার (প্রিভেন্টিভ ও প্রশাসন), কাস্টমস হাউস, চট্টগ্রামের কাছে লিখিত আবেদন করতে হবে।
দরপত্রের প্রতিটি সিডিউলের মূল্য নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা, যা অফেরতযোগ্য। এ ছাড়া উদ্ধৃত মূল্যের ১০ শতাংশ টেন্ডার সিকিউরিটি হিসেবে পে-অর্ডার অথবা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে জমা দিতে হবে।
আগামী ২৯ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন)-এর কক্ষে সিডিউল বিক্রি করা হবে। দরপত্র জমার শেষ সময় ৩০ নভেম্বর দুপুর ১২টা। একই দিন বিকেল ৪টায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার (প্রিভেন্টিভ ও প্রশাসন)-এর কক্ষে দরদাতাদের উপস্থিতিতে দরপত্র খোলা হবে।
দরপত্র জমার সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), কাস্টমস হাউস, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসকের কার্যালয় এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে দরপত্র বাক্স রাখা হবে। নির্ধারিত সময়ের পর কোনো দরপত্র গ্রহণ করা হবে না।
এ বিষয়ে কনডেমনেশন কমিটির সভাপতি ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস মো. ইমরান হোসেন বলেন, “কাস্টমস হাউসের অকেজো ঘোষিত ভবন ও স্থাপনার বৈদ্যুতিক সরঞ্জামগুলো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অপসারণ ও নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমে স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করতে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী ও যোগ্য ঠিকাদাররা নির্ধারিত শর্ত ও সময়সীমা অনুসরণ করে দরপত্রে অংশ নিতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে নির্মাণ এলাকাটি পরিষ্কার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো দরপত্র গ্রহণ বা বাতিল এবং কাজ ভাগ করে দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করে কাস্টমস হাউস। দরপত্র কার্যক্রম দ্য পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০২৫ অনুযায়ী পরিচালিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।