ঠাকুরগাঁওয়ের চার উপজেলায় নতুন করে ৩১ জন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২৮ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী কিংবা তাদের পরিবারের সদস্য বলে জানা গেছে। এ নিয়োগ ঘিরে রাজনৈতিক প্রভাব, অভিজ্ঞতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সার ব্যবসায়ীদের একাংশ।
অভিযোগ রয়েছে, মনোনীত ব্যক্তিদের কয়েকজনের আগে সার ব্যবসার অভিজ্ঞতা ছিল না। কারও কারও ক্ষেত্রে নির্ধারিত ধারণক্ষমতার গুদাম না থাকার কথাও জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে দীর্ঘদিন ধরে সার বিক্রির সঙ্গে যুক্ত থেকেও ডিলারশিপ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন আবেদনকারী। তবে নিয়োগে রাজনৈতিক বিবেচনার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিএনপি নেতারা।
গত ৪ নভেম্বর কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখার এক চিঠিতে বালিয়াডাঙ্গী, রানীশংকৈল, হরিপুর ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় ডিলার নিয়োগের বিষয়টি জানানো হয়।
নতুন তালিকা বিশ্লেষণে দেখা গেছে, ডিলার হওয়া ব্যক্তিদের মধ্যে বিএনপির চারজন বর্তমান পদধারী নেতা রয়েছেন। এ ছাড়া সাবেক নেতা, ছাত্রদলের সাবেক দুই নেতা, মহিলা দল, তাঁতী দল ও ওলামা দলের নেতাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা রয়েছেন। পাশাপাশি বিএনপির নয় নেতার স্ত্রী, চার নেতার সন্তান এবং দুই নেতার ভাই ডিলারশিপ পেয়েছেন বলে জানা গেছে। একজন নেতার স্বজন ও সংসদ সদস্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিও তালিকায় রয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের একজন ওয়ার্ড নেতা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতাহীন দুজনও ডিলার হয়েছেন।
পীরগঞ্জ পৌরসভায় ডিলার হয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানূল হকের স্ত্রী শ্যামলী আক্তার। একই উপজেলার কয়েকটি ইউনিয়নে বিএনপি নেতাদের স্ত্রী, সন্তান ও সাবেক ছাত্রদল নেতারা ডিলারশিপ পেয়েছেন। রানীশংকৈল পৌরসভায় ডিলার হয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীর স্ত্রী পারুল বেগম। রাতোর ইউনিয়নে ডিলারশিপ পেয়েছে তাঁর ছোটভাই ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক নেতা মিলন মাহমুদের বড় ভাই জাহাঙ্গীর আলমের প্রতিষ্ঠান।
জাহাঙ্গীর আলম সিঙ্গাপুরপ্রবাসী। গত ৫ সেপ্টেম্বর দেশে ফিরে ছোট ভাইয়ের পরামর্শে ডিলারশিপের জন্য আবেদন করেন বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে বালিয়াডাঙ্গীর ভানোর ইউনিয়নে দীর্ঘ ২৭ বছর ধরে সার ব্যবসা করেও ডিলার হতে পারেননি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল ওহাব। তার অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে এবং অর্থের প্রভাব কাজ করেছে। রানীশংকৈলের সার ব্যবসায়ী জয়নাল আলীর দাবি, অভিজ্ঞ ব্যবসায়ীদের বাদ দিয়ে অনভিজ্ঞ ব্যক্তিদের মনোনীত করায় প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
হরিপুরে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামও আবেদন করেও ডিলারশিপ পাননি। তার অভিযোগ, এ জন্য অর্থ ব্যয় করেও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি তিনি।
জাতীয় কৃষক শক্তির সদস্যসচিব গোলাম মর্তুজা সেলিম বলেন, কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যোগ্য ও অভিজ্ঞ ডিলার নির্বাচন জরুরি। নিয়োগে দলীয় প্রভাব থাকলে সার বিতরণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সিন্ডিকেট তৈরির আশঙ্কা রয়েছে।
তবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগের অভিযোগ নাকচ করেছেন বিএনপি নেতারা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীর দাবি, দলের নেতাকর্মীরা দীর্ঘদিন বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বর্তমানে তাদের অনেকে ব্যবসায় যুক্ত হচ্ছেন। সে কারণে ডিলারশিপের আবেদন করেছেন। নিয়োগে দলীয় হস্তক্ষেপ ছিল না।
একই দাবি করেছেন ডিলার হিসেবে মনোনীত কয়েকজনের স্বজন। তাদের বক্তব্য, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিয়ম মেনেই তারা ডিলারশিপ পেয়েছেন।
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালামও অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগ প্রক্রিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। নীতিমালার বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হবে।
জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল হক জানান, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি আবেদন যাচাই করে জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সুপারিশ পাঠিয়েছে। জেলা প্রশাসন সেই তালিকায় পরিবর্তন আনেনি। তাঁর ভাষ্য, নিয়োগসংক্রান্ত কোনো অভিযোগও তাঁদের কাছে আসেনি।



