সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের হাছনপুর গ্রামে বাউন বিলসংলগ্ন সরকারি জমি স্থানীয়দের ব্যবহারের সুযোগ বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বাউন বিলের পাশের খোলা মাঠটি হাছনপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের ব্যবহার্য স্থান। কৃষকেরা সেখানে ধান মাড়াই ও ফসল শুকানোর কাজ করেন। পাশাপাশি গবাদিপশু চারণ এবং শিশুদের খেলাধুলার জন্যও মাঠটি ব্যবহৃত হয়।
স্থানীয় বাসিন্দা ইসলাম উদ্দিনের অভিযোগ, জমিটি বন্দোবস্ত দেওয়ার পর মাঠে যাতায়াতের ছোট রাস্তা ব্যবহার নিয়ে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এতে স্থানীয় মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ফয়সল আহমদ বলেন, আশপাশের কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে জমিটি কৃষিকাজসহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করছেন। জনস্বার্থ বিবেচনায় নিয়ে এ সুযোগ বহাল রাখার দাবি জানান তিনি। গ্রামের মোতাওয়াল্লি মোশাররফ আলী বলেন, হাছনপুর ছাড়াও শাহপুর, আলমপুর ও মাইজবাড়ী গ্রামের মানুষ মাঠটি ব্যবহার করেন। তাই বৃহত্তর জনস্বার্থে জায়গাটির ব্যবহার অব্যাহত রাখা জরুরি।
অন্যদিকে, জমি বন্দোবস্ত নেওয়ার পক্ষে বক্তব্য দিয়ে রাকিব আলীর ভাতিজা মিজানুর রহমান সংশ্লিষ্ট কিছু কাগজপত্র দেখান। তার দাবি, তারা সরকারি নিয়মে জমিটি বন্দোবস্ত নিয়েছেন এবং কাউকে ব্যবহারে বাধা দেননি। মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলোও তিনি অস্বীকার করেন।
এলাকাবাসী জমিটির ব্যবহার নিয়ে সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। কৃষিকাজ, গবাদিপশুর চারণ, শিশুদের খেলাধুলা ও যাতায়াতের বিষয় বিবেচনায় নিয়ে সমস্যাটির সমাধান চান তারা।