বিয়ের স্বপ্ন নিয়ে সুদূর সিলেট থেকে ৪৫ জন বরযাত্রী নিয়ে রংপুরে এসেছিলেন ফয়ছল নামের এক যুবক। দুই পরিবারের সম্মতিতে বিয়ের সব আয়োজনও সম্পন্ন হয়েছিল। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। কনেকে সাজানোর কথা বলে পার্লারে নেওয়ার পর প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যায় কনেপক্ষের লোকজন। এ ঘটনায় প্রতারণার অভিযোগ তুলে পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বর। ঘটনাটি ঘটেছে রংপুরে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বরপক্ষের স্বজনদের সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার অনন্তপুর গ্রামের বাসিন্দা ফয়ছলের সঙ্গে কনের বিয়ের প্রস্তাব আসে তার বোনের মাধ্যমে। বরের বোনের সঙ্গে কনের বড় বোনের আগে থেকেই পরিচয় ছিল। সেই সূত্র ধরে দুই পরিবারের মধ্যে আলোচনা হয়। পরে বিয়ের দিনক্ষণ ও আনুষঙ্গিক আয়োজন চূড়ান্ত করা হয়।
পরিকল্পনা অনুযায়ী, গত ১০ নভেম্বর রাতে ৪৫ জন বরযাত্রী নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেন ফয়ছল। পরদিন শহরে পৌঁছালে কনেপক্ষের লোকজন তাদের স্বাগত জানিয়ে একটি কমিউনিটি সেন্টারে নিয়ে যান। বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে বরপক্ষের আনা স্বর্ণালংকার স্থানীয় একটি দোকানে যাচাইও করা হয়।
এরপর কনেকে সাজানোর কথা বলে একটি পার্লারে নিয়ে যাওয়া হয়। সেখানে বরপক্ষের দেওয়া গয়না পরেন কনে। একপর্যায়ে কৌশলে বরপক্ষের তিনজনকে অন্য স্থানে নিয়ে যায় কনেপক্ষের কয়েকজন। শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তাদের রেখে আসার পর স্বর্ণালংকারসহ কনেপক্ষের লোকজন উধাও হয়ে যায় বলে অভিযোগ করেছেন বরপক্ষের সদস্যরা।
এ ঘটনায় প্রতারণার শিকার হয়েছেন দাবি করে ফয়ছল রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম জানান, বিয়ের আয়োজনকে কেন্দ্র করে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দীর্ঘপথ পাড়ি দিয়ে বিয়ের আয়োজন করতে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ বরসহ তার স্বজনরা। এখন স্বর্ণালংকার উদ্ধার এবং জড়িতদের শনাক্তের অপেক্ষায় রয়েছেন তারা।