চাঁদপুরের বাবুরহাট বাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৬৯৬ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে পলিথিন বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।
অভিযানে বশির পাটোয়ারীর গোডাউন থেকে ১ হাজার ৫৮৩ কেজি, মাহবুবের দোকান থেকে ৭০ কেজি এবং ফখরুদ্দিনের দোকান থেকে ৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ ঘটনায় বশির পাটোয়ারীকে ৫০ হাজার টাকা এবং অপর দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া অভিযানে প্রসিকিউশন দেন। এ সময় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।