মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশের পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাসেল (৩২) নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উত্তর থানা-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার বিকেলে মাওয়া এলাকায় উপজেলা যুবদলের উদ্যোগে সন্ত্রাসবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষ হওয়ার পরও নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। এ সময় সমাবেশস্থলের বিপরীত পাশে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা থেকে প্রায় ৩০০ মিটার দূরে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন ধাওয়া করে রাসেলকে আটক করেন। পরে তাকে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, ঘটনাস্থলে ককটেল নয়, ছোট একটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।