কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় দীপক সাহা (৬৮) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর নজরুল অ্যাভিনিউ সড়কে জামান মেডিকেল হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ইজিবাইকচালক ইব্রাহিমকে আটক করেছে পুলিশ।
নিহত দীপক সাহা কান্দিরপাড় এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা মতিঝিল শাখায় সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে কর্মরত ছিলেন। গত বছর তিনি অবসরে যান।
জামান মেডিকেল হলের স্বত্বাধিকারী দীপ সাহা জানান, সন্ধ্যার পর দীপক সাহাসহ কয়েকজন তার দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে দোকান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ইজিবাইকটি তার ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ইজিবাইকচালক ইব্রাহিমকে আটক করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় পাঠায়। ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশের ইনচার্জ রাকিব জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চালককে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।