চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংয়ের ১৫ সদস্যকে আটক করা হয়। অভিযানে ৫টি ইয়াবা বড়িও উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানা-পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় চাঁদপুর সদর মডেল থানা থেকে ৯ জন, হাইমচর থেকে একজন এবং ফরিদগঞ্জ থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, বিভিন্ন আইনি ধারা ও বিশেষ অভিযানে চাঁদপুর সদর মডেল থানা থেকে ১০ জন, হাইমচর থেকে দুজন, ফরিদগঞ্জ থেকে তিনজন এবং শাহরাস্তি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা এলাকা থেকে তিনজন, ফরিদগঞ্জ থেকে পাঁচজন, হাজীগঞ্জ থেকে দুজন এবং কচুয়া থেকে পাঁচজনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, পুলিশ সুপারের নির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়েছে। আটক কিশোরদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাইয়ের পর মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।