মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য ছাড়া শিশু খাদ্য বিক্রির দায়ে মেহেরপুরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে পৌর শহরের তাঁতীপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানা যায়, হৃদয় ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির পাশাপাশি উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচয় ও প্রয়োজনীয় তথ্যবিহীন বিভিন্ন ধরনের শিশু খাদ্য পাওয়া যায়। এসব পণ্যের মধ্যে ছিল চিপস, জুস, লজেন্স, হাওয়াই মিঠাই ও হালুয়া।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দিনের মধ্যেই চিহ্নিত ত্রুটিগুলো সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




