দেশ-বিদেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টির লক্ষ্যে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরির ওপর জোর দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও কর্মক্ষম করতে আগামী তিন মাস পর প্রশিক্ষণের অগ্রগতি তদারকি করা হবে বলে জানিয়েছেন তিনি। যেসব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বেশি দক্ষ চালক তৈরি করতে পারবে, সেসব কেন্দ্রকে পুরস্কৃত করার ঘোষণাও দেন মন্ত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যায় ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় বিভিন্ন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষদের কাছে প্রশিক্ষণ গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে মন্ত্রী প্রবাসে অদক্ষ শ্রমিক পাঠানোর অভিযোগ থেকে বেরিয়ে আসাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে বামপাশে গাড়ি চালানোর নিয়ম থাকায় দেশের অভিজ্ঞ চালকরাও প্রবাসে গিয়ে সমস্যায় পড়েন। এ কারণে দেশে থাকতেই বামপাশে গাড়ি চালানো, নেভিগেশন, সড়কের মানচিত্র, লাল বাতিসহ আধুনিক ট্রাফিক সংকেত এবং গাড়ির মৌলিক যান্ত্রিক বিষয়গুলোতে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া জরুরি।
প্রশিক্ষণের গুণগত মান বাড়াতে প্রশিক্ষণার্থীদের শারীরিক সক্ষমতা, বিশেষ করে চোখ পরীক্ষার ওপর গুরুত্ব দেন আরিফুল হক চৌধুরী। তিনি জানান, দৃষ্টিসীমায় সমস্যা থাকলে বিদেশে ড্রাইভিং লাইসেন্স পেতে জটিলতা তৈরি হয়। তাই এ ধরনের ব্যক্তিদের অন্য ট্রেডে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা ভালো।
এ ছাড়া প্রাথমিক পর্যায়ে খোলা জায়গায় ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া, পুরুষদের পাশাপাশি নারীদেরও ড্রাইভিং প্রশিক্ষণের আওতায় আনা এবং হস্তান্তর করা গাড়িগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার নির্দেশনা দেন মন্ত্রী।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, বিএমটিএফের কর্মকর্তারা এবং আটটি বিভাগের ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।