ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পৃথক অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় মদ ও ৩২৫ বোতল কাশির সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ছয় বাংলাদেশি নাগরিক এবং মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গত ৮ নভেম্বর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, বেনীপুর বিওপি সীমান্তবর্তী নবদুর্গাপুর গ্রামের একটি বাগান থেকে ১৯ বোতল এবং মাধবখালী বিওপি একই গ্রামের একটি মাঠ থেকে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এ ছাড়া গয়েশপুর বিওপি হালিমের পেয়ারা বাগান থেকে ২৭৭ বোতল ভারতীয় উইন সিরেক্স সিরাপ এবং মেদিনীপুর বিওপি হরিহরনগর গ্রামের একটি আমবাগান থেকে ৪৮ বোতল ভারতীয় এসকুফ সিরাপ জব্দ করে।
অন্যদিকে, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে দুই নারীসহ ছয় বাংলাদেশিকে আটক করা হয়। পলিয়ানপুর বিওপির সদস্যরা পলিয়ানপুর গ্রামের একটি সড়ক থেকে ওই দুই নারীকে আটক করেন। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে রিপন নামে এক ব্যক্তিকেও আটক করা হয়।
এ ছাড়া কুল্লিয়াপাড়া বিওপি জিনজিরাপাড়া এলাকা থেকে সাতক্ষীরার তিন বাসিন্দাকে এবং খোসালপুর বিওপি চন্দ্রামারী গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে কালীগঞ্জ উপজেলার এক ব্যক্তিকে আটক করে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
৯ নভেম্বর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমাদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।