চট্টগ্রাম বন্দরে প্যাকিং ও র‍্যাপিং মেশিনের ঘোষণা দিয়ে আমদানি করা চালানে সিগারেট উৎপাদনের পূর্ণাঙ্গ প্ল্যান্টের সন্ধান পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বিস্তারিত পরীক্ষায় চালানটিতে সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিন শনাক্ত করা হয়েছে। অথচ আমদানি নথিতে এগুলোকে সাধারণ প্যাকিং ও র‍্যাপিং মেশিন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল।
ঢাকার মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড, বিআইএন ০০৯০৩৫৩৪৪-০৪০১, সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চালানটি আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রিতে পণ্যটির নাম উল্লেখ করা হয় ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’। এতে প্যাকিং ও র‍্যাপিং মেশিনের এইচএস কোড ৮৪২২৪০০০ ব্যবহার করা হয়।
সিআইআইডির পরীক্ষায় চালানটিতে এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র‍্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর‍্যাপার বা সেলোফেন ওভারর‍্যাপার পাওয়া যায়। অর্থাৎ, প্যাকেটজাতকরণের সরঞ্জামের পাশাপাশি সিগারেট তৈরির মূল মেশিনও ছিল চালানে।
চালানটির ঘোষিত ইনভয়েস মূল্য ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। বিপরীতে সিআইআইডির প্রাথমিক তথ্যপত্রে ওয়েবসাইটভিত্তিক আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৪ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার, যা ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ। তবে এটি প্রাথমিক তুলনামূলক মূল্য। মেশিনের মডেল, বয়স, অবস্থা ও তুলনাযোগ্য আমদানিমূল্য যাচাইয়ের পর চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হবে।
আমদানি নথি অনুযায়ী, চালানটির মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি এবং নিট ওজন ৫ হাজার ২২৬ কেজি। পণ্য খালাসের দায়িত্বে রয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড, এআইএন ৩০১৭৬০৬২১।
সিআইআইডির তথ্য অনুযায়ী, রপ্তানিকারক প্রতিষ্ঠানটির মূল ব্যবসা তামাক উৎপাদন ও তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহ।
সিআইআইডির পর্যবেক্ষণ অনুযায়ী, সিগারেট তৈরির মেশিন আমদানি দেশের প্রায় ২৯টি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে হওয়া সমীচীন। এ ধরনের যন্ত্রপাতির আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা প্রয়োজন।
অধিদপ্তরের আশঙ্কা, অনুমোদিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার বাইরে এসব যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করা হলে সুপরিচিত ব্র্যান্ড এবং শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর সিগারেট নকল করে উৎপাদন ও বাজারজাতের ঝুঁকি তৈরি হতে পারে। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারীরা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারেন এবং সরকার হারাতে পারে বিপুল রাজস্ব।
এ ঘটনায় পণ্যের সঠিক শ্রেণিবিন্যাস, প্রকৃত আমদানি মূল্য, প্রযোজ্য শুল্ক-কর এবং যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহারসহ আমদানিকারক প্রতিষ্ঠানের আমদানির বৈধতা ও সঠিকতা যাচাইয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে সিআইআইডি। তদন্ত শেষে সংশ্লিষ্টদের অবহিত করা হবে। সিগারেট খাতে সঠিক রাজস্ব আদায় এবং নকল সিগারেট উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে কাস্টমস গোয়েন্দার অভিযান অব্যাহত থাকবে।