বরিশালের আগৈলঝাড়ায় ইজিবাইকে করে বোমা বহনের অভিযোগে কাওছার খলিফা নামে এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে উদ্ধার করা বোমাটি নিষ্ক্রিয় করেছে বিশেষজ্ঞ দল। গ্রেপ্তার কাওছার উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে একটি ব্যাগ নিয়ে ইজিবাইকে তালেরবাজারের দিকে যাচ্ছিলেন কাওছার। পথে ব্যাগটি নিয়ে সন্দেহ হলে উপজেলা ছাত্রদলের এক নেতা তাঁকে গাড়ি থামানোর নির্দেশ দেন। তবে চালক থামার পরিবর্তে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন।
পরে পশ্চিম সুজনকাঠী এলাকায় স্থানীয়রা ইজিবাইকটির গতিরোধ করে ব্যাগ তল্লাশি করলে ভেতরে একটি বোমা দেখতে পান। বিষয়টি তাঁরা পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালক কাওছারকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ঢাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ছয় সদস্যের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে দলটি উদ্ধার করা বোমাটি নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় আগৈলঝাড়া থানার এক উপপরিদর্শক বাদী হয়ে মামলা করেছেন। মামলায় কাওছার খলিফাসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার কাওছারকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, স্থানীয় লোকজন বোমাসহ এক ইজিবাইকচালককে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এসআরবির সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।