ময়মনসিংহের ত্রিশালে জামিয়া সিদ্দিকিয়ার উদ্যোগে ইসলামী মাহফিল, দস্তারে ফজিলত ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার পৌর এলাকার দরিরামপুরে জামিয়া সিদ্দিকিয়া প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট আলেম-ওলামারা ইসলামী জীবনব্যবস্থা, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁদের মধ্যে ছিলেন আল্লামা মুফতি জাফর আহমাদ, আল্লামা শায়েখ হাসান জামিল, মুফতি আরিফ জব্বার কাসেমী ও মাওলানা মুফতি জহিরুল ইসলাম।
বক্তারা বলেন, নৈতিকতা ও ধর্মীয় অনুশাসন অনুসরণের মাধ্যমে আদর্শ জীবন গঠন সম্ভব। ব্যক্তি ও সমাজজীবনে ইসলামী মূল্যবোধের চর্চা বাড়াতে দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম।
জামিয়ার মুহতামিম মাওলানা মুহাম্মদ এখলাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে দস্তারে ফজিলতপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি কৃতী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় উৎসাহিত করা এবং সমাজে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের প্রসার ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।