নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনসহ চারজনই মারা গেছেন। সর্বশেষ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় রনি (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
গত ৯ অক্টোবর রাত দেড়টার দিকে কাঁচপুরের একটি আবাসিক ঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শরিফ (৩৪), তার স্ত্রী রোজিনা (৩০), রোজিনার ভাই রিয়াজ (২২) ও প্রতিবেশী রনি দগ্ধ হন। দুর্ঘটনার পর তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের শরীরের বড় অংশ পুড়ে যাওয়া এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় সর্বোচ্চ চেষ্টা করেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। তিনি জানান, রোজিনার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়। শরিফের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হওয়ার পাশাপাশি শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।
রিয়াজের শরীরও ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালিতে ক্ষতি হয়েছিল। বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সবশেষ রনির মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় দগ্ধ চারজনেরই মৃত্যু হলো।




