রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার অন্যতম আসামি খাইরুল আমিন ওরফে বলি আমিনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। হত্যা, অস্ত্র, মাদক ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, ৪৫ বছর বয়সী বলি আমিন মিয়ানমারের নাগরিক। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের ১ নম্বর ইস্ট ক্যাম্পের ডি/৪ ব্লকের বাসিন্দা। তাঁর বাবার নাম নূর হোসেন ওরফে মোস্তাফিজুর।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, রোহিঙ্গা শিবির ও সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, অস্ত্র, মাদক, মানবপাচার এবং পুলিশের ওপর হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া মাদক ও দস্যুতাসহ বিভিন্ন ঘটনায় আদালত তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বলি আমিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে, মুহিব উল্লাহর চাচাতো ভাই জিয়া চৌধুরী মনে করেন, বলি আমিনকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
গ্রেপ্তারের পর উদ্ধার করা মালামালসহ বলি আমিনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেছে এসআরবি-১৫।