চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় সাদ্দাম নামের এক ব্যক্তির অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তারেক সীতাকুণ্ডের মধ্যম মাহমুদাবাদ এলাকার কোরবান আলীর বাড়ির বাসিন্দা। তার বাবা মৃত আলী আহমদ এবং মা জমিলা খাতুন। আহত শাওন অলিনগর এলাকার ইউসুফের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, এলাকার কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালালে তারেক ও শাওন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন।
এসআই নুরুল আলম আশেক আরও জানান, গুলিবিদ্ধ শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে হামলার কারণ ও এতে জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।