সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাদাম চাষে নেমেছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের প্রত্যাশায় এবার আগেভাগেই জমিতে বীজ বপন শুরু করেছেন তারা। ইতোমধ্যে অনেক জমিতে বাদামের চারা গজিয়ে উঠেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সিরাজগঞ্জে ৫ হাজার ৯০০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় ৭৫০ হেক্টর জমিতে বীজ বপন সম্পন্ন হয়েছে।
জেলার কাজীপুর, চৌহালী, শাহজাদপুর, বেলকুচি ও সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে বাদামের আবাদ হয়ে থাকে। এর মধ্যে চৌহালী ও সদর উপজেলায় এ ফসলের চাষ তুলনামূলক বেশি। সদর উপজেলার কাওয়াখোলা চর, চৌহালীর খাসকাউলিয়া, ঘোড়জান ও হাটঘোরজানসহ বিভিন্ন এলাকায় কৃষকদের মাঠ প্রস্তুত ও বীজ বপনে ব্যস্ত সময় কাটছে। বেলকুচির চরাঞ্চলেও চলছে একই কর্মযজ্ঞ।
সদর উপজেলার বেলুটিয়া চরের কৃষক বিশা শেখ জানান, এবার বড় ধরনের বন্যা না হওয়ায় পানি দ্রুত নেমে গেছে। ফলে অন্য সময়ের তুলনায় আগেই বাদাম চাষ শুরু করতে পেরেছেন তারা। ইতোমধ্যে তার জমিসহ আশপাশের অনেক জমিতে চারা গজিয়েছে। চারার অবস্থা ভালো হওয়ায় ফলন নিয়ে আশাবাদী কৃষকরা।
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন বলেন, চলতি মৌসুমে সদর উপজেলার যমুনার চরাঞ্চলে ১ হাজার ১৫০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। বন্যার পানি দ্রুত নেমে যাওয়ায় কৃষকরা সময়মতো আবাদ শুরু করতে পেরেছেন। অনেক জমিতে ইতোমধ্যে চারা গজিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মঞ্জুরে মওলা জানান, বাদাম চাষ বাড়াতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার জেলায় ভালো উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এতে চরাঞ্চলের কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করা হচ্ছে।